বিশেষ প্রতিনিধিঃ ঢাকার চকবাজারে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের প্রভাব ধরে রাখতে রাতারাতি দল পরিবর্তন করেছেন ছাত্রলীগের দুই সাবেক শীর্ষ নেতা। চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাওন এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) অঙ্গসংগঠন যুবদলে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকবাজার এলাকার স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তারা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল ও মোঃ শাওন বলেন, “বিগত দিনে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সঠিক আদর্শ চর্চার সুযোগ পাইনি। দেশের বর্তমান প্রেক্ষাপট ও সাধারণ মানুষের অধিকার আদায়ে বিএনপির হাতকে শক্তিশালী করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে রাজপথে থেকে দলের নির্দেশ মেনে কাজ করে যাব।”
এ বিষয়ে স্থানীয় বিএনপি দায়িত্বশীল নেতারা জানান, “দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পর্যায় থেকে নতুনদের বিএনপিতে স্বাগত জানানো হচ্ছে। যারা দলীয় নীতি ও আদর্শ মেনে সাধারণ মানুষের সেবায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের মূলধারায় সম্পৃক্ত করা হচ্ছে। তবে নতুনরা যাতে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেদিকে দল কঠোর নজরদারি রাখবে।”
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা এসব প্রভাবশালী নেতাদের রাতারাতি দল পরিবর্তন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এই দুই বিতর্কিত নেতা আওয়ামীলীগ শাসনামলে নানাধরনের চাঁদাবাজি এবং অপরাধের সাথে জড়িত ছিলেন। তবে আওয়ামীলীগ শাসনামলের পতনের পর তারা ও দল পরিবর্তন করে এখন ও পুর্বের ন্যায় চাঁদাবাজি অব্যাহত রেখেছেন। ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেলেও অজানা কোন কারণে পুলিশ নিশ্চুপ থাকে।