ঢাকাSunday , 18 October 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় কানাডাপ্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ

Link Copied!




দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমায় কানাডাপ্রবাসী ব্যবসায়ী এনামুল হক এনামের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গত বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার টাকির মহল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা এনামের মা আলতারুন নেছা প্রতিবেশীদের সহায়তায় প্রাণে রক্ষা পান। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে মামলা ও জিডি প্রত্যাহার এবং দাবিকৃত অর্থ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির সঙ্গে সম্পৃক্ত আলহাজ সাইফুল আলম, ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বদরুল ইসলাম, বিএনপির সঙ্গে সম্পৃক্ত আতাউর রহমান সানি, আহমেদ তানভীর এবং তাঁদের কয়েকজন সহযোগী ওই রাতে বাড়িতে যান। তাঁরা প্রধান দরজা বাইরে থেকে আটকে দিয়ে বাড়ির সামনের অংশে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে আটকা পড়া আলতারুন নেছা চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা খুলে তাঁকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া প্রতিবেশী মো. আফজাল হোসেন বলেন, ‘রাতে চিৎকার শুনে আমরা কয়েকজন বাড়িটির দিকে ছুটে যাই। গিয়ে দেখি, ঘরের সামনের অংশে আগুন জ্বলছে এবং প্রধান দরজা বাইরে থেকে আটকানো। আমরা দ্রুত দরজা খুলে আলতারুন নেছাকে উদ্ধার করি। এরপর সবাই মিলে আগুন নেভাই।’

আলতারুন নেছার অভিযোগ, গত ৩ জুলাই অভিযুক্তরা বাড়িতে এসে তাঁর ছেলে ও নাতনির দায়ের করা মামলা, জিডি ও অন্যান্য অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বকেয়া ১০ লাখ টাকা পরিশোধের জন্য এক মাসের সময় বেঁধে দেন। দাবি পূরণ না করলে বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকিও দেন তাঁরা।

জানা গেছে, জালালপুর বাজারের ‘দিয়া সাজ অ্যান্ড ডেকোরেটরস’-এর মালিক এনামুল হক এনামের সঙ্গে অভিযুক্তদের বিরোধ দীর্ঘদিনের। ২০২৩ সালে চাঁদা দাবি, মেয়েকে হয়রানি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মারধরের অভিযোগে তিনি মোগলাবাজার থানায় একাধিক জিডি করেন। একই বছরের নভেম্বরে জেলা প্রশাসকের কাছেও নিরাপত্তা চেয়ে আবেদন জানান। পরবর্তী সময়ে হামলা ও প্রাণনাশের হুমকির মুখে ২০২৪ সালের ১৭ এপ্রিল তিনি বাংলাদেশ ছেড়ে কানাডায় চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুল আলম, আতাউর রহমান সানি ও আহমেদ তানভীর স্থানীয় বিএনপিতে যোগ দেন। অন্যদিকে, বদরুল ইসলাম ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ সুরমা জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি এনামুল হক এনামের মেয়ে ফাইজা হক দিয়া নিজে বাদী হয়ে বদরুল ইসলামসহ তাঁর ৮–১০ জন সহযোগীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেছিলেন। এরপর থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য পরিবারটির ওপর চাপ আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

অগ্নিসংযোগের পরদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) আলতারুন নেছা মোগলাবাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে তাঁর দাবি। এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনচোখ একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম। এখানে প্রকাশিত সংবাদ, প্রতিবেদন, ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া কনটেন্ট সংশ্লিষ্ট লেখক, সাংবাদিক ও উৎসের নিজস্ব দায়িত্ব ও স্বত্বের অধীন।
নামাজের সময়সূচি
ফজর ৪:২৪
জোহর ১২:০২
আসর ৪:২৯
মাগরিব ৬:২০
এশা ৭:৩৫
কাল ফজর ৪:২৪
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন
☀️ আজ সূর্যাস্ত
৬:১৭
⛅ আগামীকাল সূর্যোদয়
৫:৩৯