সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবোঝাই একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় গ্রাউবুয়েন্ডেন ক্যান্টনের প্রত্যন্ত সুশ গ্রামের সংলগ্ন পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রথমে রাস্তার পাশে থাকা ধাতব গার্ডরেলে সজোরে ধাক্কা মারে এবং পরবর্তীতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশে খাদে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সুইস পুলিশ এবং জরুরি উদ্ধারকারী সংস্থার একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ট্যুর পরিচালনাকারী সংস্থা ওএডি নিশ্চিত করেছে, বাসটিতে মোট ৪৮ জন পর্যটক ছিলেন এবং তাদের সবাই নেদারল্যান্ডসের (ডাচ) নাগরিক।
স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের নিয়ন্ত্রণহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
